বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী মিষ্টি সুভাষ

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী মিষ্টি সুভাষ
আদালতে মিষ্টি সুভাষ। ছবি: সংগৃহীত

একাধিক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া চলছিল অভিনেত্রী ও মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষের। এর মধ্যেই ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে এ মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন কারাগার থেকে মিষ্টি সুভাষকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে কাঠগড়ায় নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। পরে সুস্থ বোধ করলে তাকে পুনরায় আদালতের কাঠগড়ায় তোলা হয়।

শুনানির একপর্যায়ে আদালতের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাষ। অনুমতি পেয়ে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

এদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী মিষ্টি সুভাষকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথিতে যা আছে

মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় মিষ্টি সুভাষকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে চারটিতে ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি।

জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেয় পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান কারাগারে থাকা মিষ্টি সুভাষকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে তার উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তাকে ওই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।