নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন তিনজন। তারা হলেন মো. ফোরকান আলী শাহ, মো. রনি ও মোহাম্মদ আলী।
এ ছাড়া সামারি ট্রায়ালের মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন হেলালুর রহমান, মো. সাগর, শরীফ, জিহাদ, আঃ সালাম, রবিন, নাজমুল হাসান, হাবিব, রাজু, রাকিব, কামাল হোসেন, কাওছার ও মো. কামরুজ্জামান।
সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। তারা হলেন মো. সাদেকুর রহমান, মিঠুন চৌধুরী, নাজিম উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন। এ ছাড়া নিয়মিত একটি মামলায় মামুন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পনয় চন্দ্র দাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাঠানটুলী এলাকার ভোকেশনাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

