হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইরানের উদ্যোগে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাহরাইন। ওমানের রাজধানী মাস্কাটে সোমবার ইরান ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বাধাগ্রস্ত হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে প্রণালিটির ভবিষ্যৎ ও নিরাপদ নৌচলাচল নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে বৈঠকের উদ্যোগ নেয় তেহরান।
শনিবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রচারিত তথ্যের পরিপ্রেক্ষিতে তারা ওই বৈঠকে অংশ নেবে না। দেশটি বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ‘তোষণনীতির’ মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে কোনো বৈষম্য, ফি বা বিশেষ অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে বাহরাইন।
ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার চেষ্টা এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে ফি আরোপের পরিকল্পনার অভিযোগও রয়েছে। এ বিষয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। হরমুজ প্রণালির একটি অংশ ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যেও পড়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো যৌথ বৈঠকে অংশ নেবে না তারা।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার জেরে ২০১৬ সালে সৌদি আরবের পাশাপাশি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বাহরাইন। সৌদি আরব ২০২৩ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলেও বাহরাইন এখনো তা করেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ তেহরানের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তাঁর মতে, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোর নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
বাঘাই আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতি সম্পর্কে মাস্কাটের বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদের জানানো হবে।
রয়টার্সের প্রতিবেদনে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মাস্কাটের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে হরমুজ প্রণালি নিয়ে সেখানে কোনো আনুষ্ঠানিক চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতার বিষয়ও আলোচনায় রয়েছে

