লালমনিরহাট প্রতিনিধি :
সারাদেশের ন্যায় লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩ মাসব্যাপী “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯:০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচিটি দুটি পর্বে সফলভাবে সম্পন্ন হয়:
প্রথম পর্ব (উদ্বোধন অনুষ্ঠান): মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়া অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, লালমনিরহাটের সিভিল সার্জন এবং বিএনসিসি (BNCC)-র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্ব (পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও বৃক্ষরোপণ)উদ্বোধনী পর্ব শেষে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। এরপর উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ক্যাডেটস ও আলোকিত লালমনিরহাটের সদস্যদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি অফিসার্স ক্লাব ও কালেক্টরেট স্কুলের সামনে হয়ে এলজিইডি রোডে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সড়কের পাশে বিভিন্ন পয়েন্টে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিন স্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নান্দনিকতা বৃদ্ধিতে ফুল-ফলসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন,জেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভা।

