ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের প্রযুক্তি ও নকশা অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি নতুন ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, তৈরি করার পর ড্রোনটি মার্কিন সামরিক অস্ত্রভান্ডারেও যুক্ত করা হয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি শনিবার খোররামাবাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইরানের ড্রোন প্রযুক্তির অগ্রগতি তুলে ধরে মুসাবি বলেন, দেশটির হাতে বর্তমানে বিভিন্ন ধরনের শাহেদ ড্রোন রয়েছে। এসব ড্রোনের কিছু সরাসরি হামলার জন্য এবং কিছু নজরদারির কাজে ব্যবহৃত হয়।
তিনি বলেন, তরুণ গবেষকদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা ও কঠোর পরিশ্রমের ফলে ড্রোন প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
মার্কিন ‘লুকাস’ ড্রোনের বিষয়ে মুসাবি দাবি করেন, শাহেদ-১৩৬-এর প্রযুক্তি ও নকশাকে অনুসরণ করেই যুক্তরাষ্ট্র এটি তৈরি করেছে। পরবর্তী সময়ে ড্রোনটি মার্কিন সামরিক অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
আইআরজিসির এই কর্মকর্তা আরও জানান, ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশটির তৈরি বিপুলসংখ্যক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল।
সূত্র: তাসনিম নিউজ

