বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শিল্পের প্রধান চালিকাশক্তি হচ্ছে বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও শিল্প খাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প। সম্প্রতি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় তাদের উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে গেছে।
শফিকুর রহমান সতর্ক করে বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংকঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। একপর্যায়ে অনেক প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়ে যেতে পারে। পাশাপাশি শ্রমিক ধরে রাখা কঠিন হবে এবং বাধ্য হয়ে ছাঁটাইয়ের পথে যেতে হতে পারে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের অর্ডার সরবরাহ করা সম্ভব না হলে তারা অন্য দেশের দিকে ঝুঁকতে পারেন। এমনকি বিদ্যমান অর্ডারও বাতিল হতে পারে। একবার বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে তারা আবার কবে বাংলাদেশে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই।
জামায়াতের আমির বলেন, তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশ একমাত্র দেশ নয়। এই খাতে বাংলাদেশের সঙ্গে আরও অনেক দেশ প্রতিযোগিতা করছে। ফলে বিদ্যুৎ ও উৎপাদন সংকট অব্যাহত থাকলে ক্রেতাদের বিকল্প দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত যদি এমন সংকটের মুখে পড়ে, তাহলে অন্যান্য শিল্প খাতের পরিস্থিতিও সহজেই অনুমান করা যায়। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যেও অনেক গার্মেন্টস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহও তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংকট, আশঙ্কা ও সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন।
এর আগে শনিবার সকালে ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

