বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তিগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সাম্প্রতিক সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর শহরের পিটিআই হলরুমে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে আইনমন্ত্রী বলেন, ‘হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নাই।’ তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী হেবা আইনের লঙ্ঘন করেছে—এমন বক্তব্য সঠিক নয়।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, হেবা আইনসহ প্রচলিত অন্য কোনো আইনের আওতায় দান, উইল কিংবা অন্য কোনো পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নতুন সংশোধনী কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না।

তিনি আরও বলেন, সংশোধনীর প্রাসঙ্গিক অংশটুকু ভালোভাবে না পড়েই কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন। মূলত বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করাই এই সংশোধনীর অন্যতম উদ্দেশ্য।

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে যশোরে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়। এতে ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় ২২ হাজার আবেদন জমা পড়ার পর ১ হাজার ১১৫ জনকে চাকরির জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধান অতিথি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।