বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ

আজ থেকে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-প্রধানমন্ত্রী

আজ থেকে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।

শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে ডেঙ্গুর সংক্রমণ ক্রমাগত বাড়ছে। সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগটির প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।