বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই। আইন অনুযায়ী তাদের সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলারও সুযোগ নেই।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করাটাই আমাদের জন্য বিব্রতকর।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

তিনি আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।