বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

জানুয়ারি-মার্চে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

জানুয়ারি-মার্চে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী
পা‌নি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এর পাশাপাশি বিদ্যুৎ ও মাছের উৎপাদন বাড়বে এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত হবে।

তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন।’

পদ্মা ব্যারেজ প্রকল্পকে ‘প্রজেক্ট মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করে এ্যানি বলেন, এ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তর ও বিপ্লব ঘটবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৪টি জেলায় অর্থনৈতিক পরিবর্তন আসবে, কৃষি উৎপাদন বাড়বে, বিদ্যুৎ উৎপাদন ও মাছ চাষের সুযোগ সম্প্রসারিত হবে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘এর সঙ্গে আরও অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত হবে। ২০০৪ সাল থেকে মরহুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রকল্পটির সমীক্ষা শুরু হয়েছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে ২০২৬ সালে এসে এটি একনেকে অনুমোদন করানো হয়েছে।’

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আপনাদের কাছে যে ওয়াদা দিয়েছিলেন, তা নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিলেন। আজ তাঁর হাত ধরেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ২৪টি জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।