বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ

রংপুরে ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

রংপুরে ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া গণরায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’

সংসদে বিল পাসের সময় জামায়াতের পক্ষ থেকে দেওয়া মতামত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের অধিকাংশ মতামত সরকার আমলে নেয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তা প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার কারণেই মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে সেটিও তারা মেনে নেবেন না।

সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।

সরকারের কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব। খারাপ কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।’

র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও আপত্তি জানান তিনি। তার দাবি, র‌্যাবের পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে শুধু নতুন নামে এসআরবি গঠন করা হয়েছে।

এ ছাড়া সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।’