বাহরাইনে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটিতে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাওকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নৌসচিব হাং কাও সম্প্রতি মন্তব্য করেন, ইরানি বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে সহায়তাকারী অন্যান্য ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের যুদ্ধের ব্যয় বহন করার পরিবর্তে মার্কিন জনগণ আরও ভালো কিছু পাওয়ার অধিকার রাখে।
সূত্র: মিডল ইস্ট আই

