২০২৭ সালের পবিত্র হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গত ৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

