বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২

ডেস্ক রিপোর্ট:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে খুলনা বিভাগের দুজন রয়েছেন। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগের ২০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৪৩৪ জন।