বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ৫ রাউন্ড ফাঁকা গুলি, চার নৌকা জব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ৫ রাউন্ড ফাঁকা গুলি, চার নৌকা জব্দ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় বাংলাদেশিদের চারটি ছোট নৌকা জব্দ করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টার দিকে বুড়িমারী-শ্রীরামপুর এলাকার পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য যান।

এ সময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। একই সঙ্গে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত চারটি ছোট নৌকা জব্দ করে বিএসএফ।

ঘটনার পর গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জানানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি বিজিবি আমাদের জানিয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’