বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে জিম্মি, মূলহোতাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে জিম্মি, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নারায়নগঞ্জ প্রতিনিধি: 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে জিম্মি করে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় জিম্মি অবস্থায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-১১-এর এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের রূপসী কলাবাগান এলাকায় র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের চন্দনাইশের সিরাজুল ইসলাম (২৯) ও পটুয়াখালীর রাঙ্গাবালীর অমিত হাসান (২৩)।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার’ পদে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেয় প্রতারক চক্রটি। পরে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ১০ যুবককে রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চাকরি নিশ্চিত হয়েছে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়।

পরে চাকরি না দিয়ে ওই যুবকদের তিন থেকে চার দিন বাসাটিতে আটকে রাখা হয়। এ সময় তাদের খাবার ও পানি না দেওয়ার পাশাপাশি চলে যেতে চাইলে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার এবং জিম্মি থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।