ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় সাত বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চললেও সাম্প্রতিক সময়ে তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শির ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিং ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন মোদি।
মোদি ও শির সর্বশেষ বৈঠক হয় ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা নিরসনে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। পরবর্তী সময়ে গত আগস্টে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা আবারও বৈঠক করেন। বিশকেকে এসসিও সম্মেলনের বার্ষিক পারিবারিক ছবির সময়ও তাদের সংক্ষিপ্ত আলাপ করতে দেখা যায়।
২০১৯ সালের অক্টোবরের পর এবারই প্রথম ভারতে যাচ্ছেন শি জিনপিং। ওই সময় তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। এর মাত্র ছয় মাস পর লাদাখ সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্ক ছয় দশকের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছায়।

