বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:১০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

ফেসবুক পোস্ট নিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীকে শোকজ

ফেসবুক পোস্ট নিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীকে শোকজ

ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন কলেজ থেকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

সিফাত কলেজটির বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থী। তার শিক্ষার্থী আইডি ৪১০২১০৪৬।

নোটিশে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্য ফেসবুক পেজে ভাইরাল হয়।

কলেজ কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ড একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর জন্য অশোভনীয়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিব্রত হওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় বহিষ্কার বা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে সিফাতকে। অন্যথায় তার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে ।