কক্সবাজারের পর্যটন জোনে পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে জিয়াবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন। সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান, হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের হোটেল ও রিসোর্টে যায়। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল কর্তৃপক্ষের কাছে টাকা দাবি করে।
পুলিশের অভিযোগ, প্রতারক চক্রটি এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আত্মসাৎ করে।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

