ভারতের নতুন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো অবতরণ করেছে রাশিয়ার তিনটি সামরিক বিমান। এর মধ্যে একটি ছিল আইএল-৭৬ মডেলের সামরিক পরিবহন বিমান।
টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিমান তিনটি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রুশ সামরিক কর্মকর্তা ও একটি অগ্রবর্তী দলকে নিয়ে বিমানগুলো ভারতে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার পর্যন্ত বিমান তিনটি নয়ডা বিমানবন্দরেই অবস্থান করছিল। রুশ কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দর নিরাপত্তা সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার ওপর নজর রাখছে।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি কোনো সামরিক বিমানের এটিই প্রথম অবতরণ। এর আগে বিদেশি রাষ্ট্রপ্রধান ও সামরিক বিমানের জন্য সাধারণত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হতো। ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরে তাঁর বিমানও নয়ডায় অবতরণ করতে পারে বলে আলোচনা তৈরি হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে নয়ডা বিমানবন্দরে ভিভিআইপি যাতায়াত ও নিরাপত্তা ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
সূত্র: টাইমস নাউ

