বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মায়ের

ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মায়ের

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক দম্পতি। আগামী শুক্রবার ছেলের বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের মাত্র দুই দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। বিয়ের প্রস্তুতি হিসেবে বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী পৌর শহরে কেনাকাটা করতে যান আনোয়ার। সন্ধ্যায় কেনাকাটা শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ছেলের বিয়ের আনন্দঘন আয়োজনের মাত্র দুই দিন আগে বাবা-মাকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের প্রস্তুতি মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে। এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।