বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

রাশিয়া সীমান্তে ২০০ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ শেষ ফিনল্যান্ডের

রাশিয়া সীমান্তে ২০০ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ শেষ ফিনল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ন্যাটোর সদস্য ফিনল্যান্ড। দেশটি রাশিয়া সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার এলাকায় সাড়ে চার মিটার উচ্চতার নিরাপত্তা বেড়া নির্মাণের কাজ শেষ করেছে।

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার। এর মধ্যে নির্মিত নিরাপত্তা বেড়ার বড় অংশই রয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর ফিনল্যান্ডের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিনের সামরিক জোটনিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে ২০২৩ সালের এপ্রিলে ন্যাটোর সদস্য হয় দেশটি।

এরপর ২০২৩ সালের শেষ দিকে রাশিয়া সীমান্ত দিয়ে এক হাজার ৩০০-এর বেশি ভিসাবিহীন অভিবাসী ফিনল্যান্ডে প্রবেশের চেষ্টা করেন। ফিনল্যান্ডের অভিযোগ ছিল, রাশিয়া তৃতীয় দেশের নাগরিকদের সীমান্তের দিকে যেতে উৎসাহিত করে ‘হাইব্রিড যুদ্ধের’ কৌশল ব্যবহার করছে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার পর রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় হেলসিঙ্কি।

নিরাপত্তা বেড়াটি প্রায় ১৫ ফুট উঁচু। এতে নজরদারি ক্যামেরা ও বিভিন্ন ধরনের সেন্সর স্থাপন করা হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩৫৬ মিলিয়ন ইউরো। বেড়াটির রক্ষণাবেক্ষণে বছরে আরও ২ থেকে ৩ মিলিয়ন ইউরো খরচ হবে বলে জানিয়েছে দেশটি।

ফিনল্যান্ডের কর্মকর্তাদের মতে, ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নতি হলেও বড় ধরনের জনসমাগম ও অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে শারীরিক বেড়া এখনো কার্যকর একটি ব্যবস্থা। প্রয়োজন হলে ভবিষ্যতে বেড়ার পরিধি আরও বাড়ানো হতে পারে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারি রানতানেন সীমান্ত পরিস্থিতিকে ‘শান্ত, তবে উত্তেজনাপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে উল্লেখ করে তিনি সীমান্ত নিরাপত্তায় প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

এদিকে পূর্ব ইউরোপের সীমান্ত নিরাপত্তা জোরদারে ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত অর্থায়নেরও আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড। দেশটির সীমান্ত নিরাপত্তা আইন ২০২৮ সালের শেষ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব রয়েছে। তবে এর কিছু বিধান মানবাধিকার ও ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে সতর্ক করেছেন আইন বিশেষজ্ঞরা।

ফিনল্যান্ডের পাশাপাশি রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও সাম্প্রতিক সময়ে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।