বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির শীর্ষে থাকবে না, তা অসম্ভব: রুমিন ফারহানা

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির শীর্ষে থাকবে না, তা অসম্ভব: রুমিন ফারহানা

বিএনপি ক্ষমতায় এলে দেশে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা দেখা দেবে না, এমনটা ভাবা কঠিন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর আলোচনার সময় তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের একপর্যায়ে সংসদে হট্টগোল শুরু হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

রুমিন ফারহানা বলেন, ‘প্রতিটি সরকারের একটি চরিত্র থাকে। যেমন বিএনপি সরকার ক্ষমতায় আসবে আর গ্যাস, বিদ্যুৎ সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব।’

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারের সংকট হবে না কিংবা সার কারখানায় অনিয়ম ও লুটপাট হবে না, এমনটিও হওয়ার সম্ভাবনা কম।

ঋণখেলাপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ ঋণখেলাপির ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে যাবে না, সেটিও সম্ভব নয়। তার দাবি, দেশে ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি এবং বর্তমান সংসদের অনেক সদস্যের বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

রুমিন ফারহানার বক্তব্যের এ পর্যায়ে সংসদে হট্টগোল শুরু হয়। তবে পরিস্থিতির মধ্যেই তিনি বক্তব্য চালিয়ে যান।

এ সময় সংসদের পরিবেশ নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদে এতটা অসহিষ্ণু আচরণ আগে আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা গেছে। তখন আওয়ামী লীগের সমালোচনা করলে তারাও হট্টগোল করত। বর্তমানে বিএনপি একই ধরনের আচরণ করছে, বরং আরও খারাপ আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

কালেরচিত্র/এমআ