বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ

সিরিয়ায় পরিত্যক্ত অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ায় পরিত্যক্ত অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সংঘাতের সময় ব্যবহৃত এবং পরে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ ওই স্থানে সাময়িকভাবে সংরক্ষণ করা হয়েছিল। এগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মূল বিস্ফোরণের পরও সেখানে ছোট ছোট বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ও একাধিক বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের বেশির ভাগের আঘাত হালকা থেকে মাঝারি মাত্রার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও বিস্ফোরণের ঝুঁকি এড়াতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সাময়িকভাবে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। এসব পরিত্যক্ত যুদ্ধাস্ত্র থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন।

সূত্র: এএফপি