বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ

সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে আশরাফুল হক ডন

সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে আশরাফুল হক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, সালমান শাহর মৃত্যুর আগে, ঘটনার সময় এবং পরে ডনের আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। পরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আদালতে দেওয়া আবেদনে সিআইডি জানায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে স্বীকার করলেও মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য কৌশলে গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরার কারণে ডন চিত্রনায়কের ব্যক্তিগত ও অন্যান্য বিষয়ে অনেক তথ্য জানতেন।

তদন্ত সংস্থা আরও জানায়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ডন অত্যন্ত কৌশলে বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে তার আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি বহুল আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় তদন্তে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

সিআইডি আদালতকে জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দশকেও কাটেনি রহস্য

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, এ নিয়ে দীর্ঘ প্রায় তিন দশক ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। পরে তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।