ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। একই সঙ্গে দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এসব প্রস্তাব সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।
নতুন পাঁচটি কমিটি গঠনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।
নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০১ সালে বিএনপি সরকারে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দুলু এখন মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত নিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে থাকেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত স্থায়ী কমিটিগুলোর মধ্যে সরকারি হিসাব কমিটির সভাপতির পদটি বিরোধী দলের জন্য রাখা হয়েছে।
কালেরচিত্র/এমআ

