নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান গ্যাস সংকটকে আন্তর্জাতিক জ্বালানি সংকটের অংশ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রিজভী বলেন, জ্বালানি সংকট কোনো নির্দিষ্ট দেশের একক সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সংকট, যা কোনো একটি দেশের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। তবে ধারাবাহিকভাবে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় বিপুল পরিমাণ গ্যাস আমদানি করা হচ্ছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপও নেওয়া হচ্ছে।
বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের ফলে আগস্ট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
দেশকে সামগ্রিকভাবে উন্নতির পথে এগিয়ে নিতে তারেক রহমান কাজ করছেন বলেও মন্তব্য করেন রিজভী। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের নেওয়া উদ্যোগকে তিনি যুগান্তকারী বলে উল্লেখ করেন।

