বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ

ওয়েব সিরিজে অভিষেক পরিণীতি চোপড়ার, ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ মুক্তি ২৪ সেপ্টেম্বর

ওয়েব সিরিজে অভিষেক পরিণীতি চোপড়ার, ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ মুক্তি ২৪ সেপ্টেম্বর

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ওয়েব সিরিজে অভিষেক করতে যাচ্ছেন। নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে সিরিজে প্রথমবারের মতো অভিনয় করবেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

এর আগে অবশ্য ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন পরিণীতি। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এরপর তার বহুল আলোচিত সিনেমা ‘অমর সিং চামকিলা’ও একই প্ল্যাটফর্মে মুক্তি পায়। তবে ওয়েব সিরিজে এবারই প্রথম দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ পরিণীতিকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। নয় বছর আগে নিখোঁজ হওয়া সন্তানকে খুঁজে পেতে বছরের পর বছর লড়াই চালিয়ে যান তিনি। সন্তানের প্রতি মায়ের গভীর টান, দীর্ঘ অপেক্ষা এবং একের পর এক সম্পর্কের ওপর বিশ্বাস হারানোর মধ্য দিয়ে এগিয়ে যাবে সিরিজের গল্প।

সিরিজটির নির্মাতা রেন্সিল ডি’সিলভা। তার ভাষায়, ‘শাক’ এমন এক থ্রিলার, যেখানে প্রতিটি নতুন তথ্যের সঙ্গে রহস্য আরও ঘনীভূত হবে। নয় বছর ধরে সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আবেগ, অনিশ্চয়তা ও সংগ্রামকে কেন্দ্র করেই গল্পটি তৈরি হয়েছে।

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ বিভাগের প্রধান তানিয়া বামী জানান, সিরিজটি শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং দীর্ঘদিন ধরে সন্তানকে খুঁজে চলা এক মায়ের দৃঢ়তা ও আবেগের গল্প। একই সঙ্গে গল্পের বিভিন্ন চরিত্রের গোপনীয়তা, দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতা দর্শকদের সামনে নানা প্রশ্ন তৈরি করবে।

পরিণীতি চোপড়ার সঙ্গে সিরিজটিতে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।