প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্ত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

