ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় মনোযোগ দিলেই হবে না। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। একই সঙ্গে সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
মানুষের পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নবান হতে হবে। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ একটি মানবিক সমাজের পরিচয় বলেও উল্লেখ করেন তিনি।ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়। সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও এসব সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করে শিক্ষার্থীরা।

