বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

ঢাকার দুই সিটে মেয়র প্রার্থী বদলাচ্ছে এনসিপি

ঢাকার দুই সিটে মেয়র প্রার্থী বদলাচ্ছে এনসিপি

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, প্রার্থী পরিবর্তনের প্রস্তুতি হিসেবে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তাঁরা সম্প্রতি এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর মধ্যে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের আফতাবনগরের ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও সময়ের প্রয়োজন বিবেচনায় প্রাথমিক প্রার্থী তালিকায় সমন্বয় করা হচ্ছে। তফসিল ঘোষণা এবং চূড়ান্ত মনোনয়ন জমা দেওয়ার আগপর্যন্ত কৌশলগত কারণে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, এনসিপির রাজনীতি শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়। নির্বাচনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন ও নেতাকর্মীদের আরও সক্রিয় ও শক্তিশালী করাও দলের অন্যতম লক্ষ্য।

এর আগে গত ২৯ মার্চ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাঁচ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। ওই তালিকায় ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ছিল।

প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে এবার রাজধানীর দুই সিটিতে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে প্রার্থী করার পথে এগোচ্ছে এনসিপি।