আওয়ামী লীগ সরকারের ১৭ বছর, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির পরিমাণ খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডা. তাহের বলেন, কমিটির প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি অর্থ ব্যবস্থাপনায় কোথাও দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে কমিটি কাজ করবে। কমিটির পক্ষ থেকে সরকারের কাছে যেসব সুপারিশ দেওয়া হবে, সেগুলো বাস্তবায়নে সরকার বাধ্য থাকবে।
এদিকে বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে ওঠা আটটি আপত্তি নিয়েও আলোচনা হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখতে একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

