ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে চায় সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়টি সরকারের জন্য অস্বস্তিকর। এ বিষয়ে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত হলেও তারা তা করছে না।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা এখন দেশে ফিরলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আইন অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আবেদন করতে হয়। সেই সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে নতুন বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি জানান, ধাপে ধাপে কয়েকটি নতুন বোয়িং কেনার পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।
এলএনজি সংকট প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে রিগ্যাসিফিকেশনের সক্ষমতা সীমিত থাকায় দাম কমলেও বেশি পরিমাণে এলএনজি আমদানি করা সম্ভব হচ্ছে না। গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় চীনা বিনিয়োগে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

