গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলায় অন্তত আটজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ওয়াফা জানিয়েছে, খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল ইব্রাহিম কানদিল নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন আহত হয়েছেন।
এদিকে গাজা ও অবরুদ্ধ পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযান অব্যাহত রয়েছে। গাজা শহরের উপকূলে ফিলিস্তিনি জেলেদের একটি নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে দুই জেলে আহত হয়েছেন।
পশ্চিম তীরের রামাল্লাহ, তুলকারম, নিলিন ও নাবলুসে অভিযান চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে নাবলুসের দক্ষিণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় একটি কৃষি শেড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুতের খুঁটি নষ্ট করা হয়েছে। এ সময় দুই ফিলিস্তিনিকে মারধরের অভিযোগও উঠেছে।
এ ছাড়া জর্ডান উপত্যকার আল-হাদিদিয়া এলাকায় বসতি স্থাপনকারীরা জমি ঘিরে ফেলায় ফিলিস্তিনিদের কৃষিজমিতে প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়ছে।

