বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ

দাউদকান্দিতে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

দাউদকান্দিতে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোরে বহরের একটি বাস জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।