পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে যুক্ত করা হলে অঞ্চলটির স্থিতিশীলতা আরও জোরদার হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় দুই দশক আগে আরব রাজতন্ত্র, ইরানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছিল মস্কো। এ ক্ষেত্রে আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যকে সম্পৃক্ত করার ধারণা দিয়েছিল রাশিয়া।
ল্যাভরভ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এর আগে চীন ও রাশিয়ার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গও তুলে ধরেন ল্যাভরভ। তার মতে, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের একটি সম্ভাব্য রূপরেখা। মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও এই উদ্যোগে যুক্ত করা গেলে তা রাশিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা ধারণার কার্যকর বাস্তবায়ন হবে।
তবে এ ধরনের আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগে রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও জানান ল্যাভরভ।
সূত্র: আনাদোলু এজেন্সি

