মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং তেল সরবরাহে বিঘ্নের উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে উঠেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি তেল সরবরাহ নিয়ে বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় ব্যবসায়ীরা তেলের দামে অতিরিক্ত ‘ঝুঁকি প্রিমিয়াম’ যোগ করছেন। এর প্রভাবেই আগের অধিবেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
সূত্র: আল জাজিরা

