নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বা সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সামারি ট্রায়ালে তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২০ দিন, দুজনকে ১৫ দিন এবং ১০ জনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন মিলন (২৬), নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়ের (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

