লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন কৃষকরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর কৃষকরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, “সারের কোনো সংকট নেই।”

