নিজস্ব প্রতিবেদক:
সারের সংকট ও সময়মতো সার না পাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার বিতরণে দেরি হওয়ায় পরিবেশকের গুদামে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই জেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করেছেন আরও একদল কৃষক। আর ঝিনাইদহের শৈলকুপায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
লালমনিরহাটে মহাসড়ক অবরোধ
রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কৃষকরা। একপর্যায়ে তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা দ্রুত সার বিতরণের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও নির্ধারিত সময়ে সার পাওয়া যাচ্ছে না। খুচরা বাজার ও ডিলার পয়েন্টেও প্রয়োজনীয় সার মিলছে না। এতে চলতি আমন মৌসুমের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
জেলা প্রশাসক রাসেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। সকালে বৃষ্টির কারণে সার বিতরণে কিছুটা দেরি হওয়ায় কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে সার বিতরণ শুরু করা হয়েছে।
নাগেশ্বরীতে গুদামে ভাঙচুরের অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার বিতরণে দেরি হওয়াকে কেন্দ্র করে পরিবেশকের গুদামে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সকালে কাশেম ট্রেডার্সের সামনে সার নিতে ভিড় করেন কৃষকরা।
কৃষকদের ভাষ্য, সকাল ৭টা থেকেই তারা গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। কিন্তু সকাল ৮টার পরও পরিবেশকের লোকজন না আসায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। সকাল ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস বলেন, গুদামে পর্যাপ্ত সার মজুত ছিল। পরিবেশক কিছুটা দেরিতে আসায় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার বিতরণ করা হয়।
ভূরুঙ্গামারীতেও সড়ক অবরোধ
একই জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শৈলকুপায় কৃত্রিম সংকটের অভিযোগ তদন্তে কমিটি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক এমপির ডিলার পয়েন্টে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকেলে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেনের স্বাক্ষরে কমিটি গঠন করা হয়। কমিটিকে সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। তদন্তের সুপারিশের ভিত্তিতে ডিলারশিপ বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট ডিলারকে শোকজ করা হয়েছে।

