আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ পাবেন না। শেখ হাসিনাসহ যারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি, তাদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে কোনো আসামি আপিল না করলে পরে আর আপিল করার সুযোগ থাকবে না।
এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, গুমের বিষয়ে পাওয়া সব অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

