সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে এখন থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত ভিড়ের কারণে দূতাবাসের কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।
বায়োমেট্রিক দেওয়ার জন্য সেবাগ্রহীতাদের দূতাবাসের অনলাইন পোর্টালের নির্ধারিত লিংকে প্রবেশ করে আগাম তারিখ ও সময় নির্ধারণ করতে বলা হয়েছে।
তবে যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, তারা নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে প্রবাসীদের দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কালেরচিত্র/এমআ

