নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলার থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ভারতের অভ্যন্তরে নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন।
দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম বলেন, কয়েকজন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি গ্রামবাসীর সহযোগিতায় তা প্রতিহত করে। এরপর থেকে সীমান্তে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, ‘আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।’
দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান বলেন, বিজিবির প্রচেষ্টায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। এ সময় গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতা করেন। তাদের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা লোকজন আর এগোতে পারেনি ।
কালেরচিত্র/মোআ

