বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে রোববার (৬ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। তাকে বরণ করে নিতে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান।

সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল। বেলা ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।