বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, চলছে প্রশাসনের অভিযান

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, চলছে প্রশাসনের অভিযান

ভারতের উত্তরাখণ্ডে সরকারি অনুমোদন ও নির্ধারিত শিক্ষাব্যবস্থার নিয়ম না মানার অভিযোগে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে ২০টি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন। অন্য তিনটির কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ডের দেহরাদুন ও হালদাওয়ানি এলাকায়ও অভিযান জোরদার করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, নির্ধারিত স্বীকৃতি ও শিক্ষার মানদণ্ড পূরণ না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ অভিযানে দেহরাদুনে তিনটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কলোনির মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়াকে সিলগালা করা হয়েছে। একই এলাকার মাদ্রাসা দার-ই-আরকাম এবং মাজরার মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, হালদাওয়ানিতে দুটি মাদ্রাসা সিলগালা করা হয়েছে। এগুলো হলো গৌজা জালি নর্থের শনি বাজার রোডের মাদ্রাসা জামিয়া নুরিয়া বারকাতে আমিনা এবং বানভুলপুরার ইন্দিরা নগরের একটি অননুমোদিত মাদ্রাসা। প্রয়োজনীয় স্বীকৃতির নথি দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত জুলাইয়ে উত্তরাখণ্ড সরকার রাজ্যের মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে নতুন একটি কর্তৃপক্ষ গঠন করে। নতুন কাঠামোর আওতায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে। মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও এর আওতাভুক্ত।

নতুন ব্যবস্থায় আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। নির্ধারিত নিয়ম ও স্বীকৃতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না বলেও জানানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত আইন ও নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, নতুন কাঠামো চালুর আগে উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডের স্বীকৃত মাদ্রাসার সংখ্যা ছিল ৪৫২টি। এর আগে স্বীকৃতির জন্য আবেদন না করা ২০০টির বেশি মাদ্রাসার বিরুদ্ধেও অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করা হয়েছিল।

এদিকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও শিক্ষার মান নিয়ে ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল। উত্তরপ্রদেশের একটি মামলায় আদালত বলেছিল, সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অধিকার থাকলেও শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্র প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস