পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যান ছিনতাই চক্রের ৪’জন সদস্যকে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আঃ জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) ও দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮) সকলের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় জেলার কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। ভ্যান চুরির খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। ছিনতাইকারীরাও পালিয়ে পাঁচবিবি থানার শাইলট্টি বাজারের বিন্নিপাড়া চারমাথা মোড়ে আসলে পুলিশ তাদের ধাওয়া করে ছিনতাই হওয়া অটোভ্যানসহ চক্রের ৪ জনকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানসহ ৪ জনকে আটক করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা নং- ০৪/২৯২, তারিখ- ০২/০৯/২০২৬ ইং, ধারা- ৩৯৪ পেনাল কোডে মামলা করা হয়েছে। ওসি আরও জানান, এলাকায় অটোভ্যান ও ইজিবাইক ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

