বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, মঙ্গলবার সকালের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেট এলাকায় ওই দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) সোনার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
এপিবিএনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।