নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পেশায় একটি তেলবাহী গাড়ির চালকের সহকারী ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার ভাষ্যে, লেনদেন সংক্রান্ত জটিলতা বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অস্ত্রও। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

