নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধভাবে মোবাইল সিম নিবন্ধনের মাধ্যমে সাইবার প্রতারণায় জড়িত একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেলে ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্য নরসিংপুরের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মো. মহিউদ্দিন (২৯) এবং মো. দুলাল হোসেনের ছেলে মো. শিশির (২৭)।
অভিযানে আসামিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার মেশিন, একটি রাবার সিল মেশিন, রাবার সিলের ৮০টি প্লাস্টিক স্ট্যান্ড, আটটি বায়োমেট্রিক স্ক্যানার, এক হাজার ফিঙ্গারপ্রিন্ট রাবার কিট, ৩৫টি ট্রেসিং পেপার, রবি কোম্পানির ১০০টি সিমকার্ড, তিনটি মোবাইল ফোন এবং সচল ও ব্যবহৃত একাধিক সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে তারা এই জালিয়াতি চালিয়ে আসছিলেন। অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও ক্রয় করতেন তারা। এরপর ট্রেসিং পেপারে সেই ছাপ প্রিন্ট করে রাবার সিল মেশিনের সাহায্যে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হতো। বায়োমেট্রিক স্ক্যানারের মাধ্যমে সেই কৃত্রিম আঙুলের ছাপ ব্যবহার করে অবৈধভাবে নতুন সিমকার্ড নিবন্ধন করতেন চক্রের সদস্যরা।
র্যাব আরও জানায়, নিবন্ধিত এসব অবৈধ সিম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল ডিভাইসের সাহায্যে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি ও পরিবর্তন করা হতো। পরে এসব জাল এনআইডি ও সিম দিয়ে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হতো।

