নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গতকাল রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানকালে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ব্রজপুর, আত্রাই, নওগাঁর সায়েম সরকারের ছেলে রকি সরকার ওরফে নাঈম (২৫); আসনপুর, মিঠামইন, কিশোরগঞ্জের সাহাবুলের ছেলে আজমান ওরফে লেম্বর (২৫) এবং সুতারপাড়া, করিমগঞ্জের সাইদুর রহমানের ছেলে রায়হান (২৩)। তারা সবাই ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সঙ্গে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়েছিল তারা। এছাড়া মিলন-সাজিদ ও শান্তর নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও স্বীকার করে তারা।
তাদের হেফাজত থেকে ৬টি রামদা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, ১টি সুইস গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল ও ২টি এসএস পাইপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই রুবেল মিয়া বাদী হয়ে ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় রুজুকৃত মামলার নম্বর-৭৭, তারিখ ২৪ আগস্ট।

